নাটোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় একজনের বদলি পরীক্ষা দিতে এসে ২১ দিনের কারাদণ্ড হয়েছে এক যুবকের। একই সঙ্গে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা। সে বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের খলিল মোল্লার ছেলে।
নাটোর বিআরটিএর কর্মকর্তা উত্তম কুমার দেব শর্মা জানান, বৃহস্পতিবার বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ সময় যুবক সাইদুল ইসলামকে সন্দেহ হলে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সে অন্যজনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছে।
এ ঘটনা প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন তাকে ১০০ টাকা জরিমানা ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে আটক করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।






