বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রুহুল কবির রিজভীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত মজবুত এবং এই দ্বিপক্ষীয় সহযোগিতাকে চীন সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
বৈঠকে দুই দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের পারস্পরিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও গতিশীল হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অবকাঠামোগত অগ্রগতিতে চীন নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে।
বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী চীনা রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।



