মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৩:১৬ এএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৩:১৬ এএম
১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

তবে সরকারি এই দাম ঘোষণার আগেই বাজারে ১২ কেজির সিলিন্ডার আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘১২ কেজির সিলিন্ডারপ্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে।

এর আগে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেয়।

বিইআরসি জানায়, সোমবার রাত ৮টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজির বাজার বেশ অস্থির হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে দর ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। ফলে খুচরা বাজারে ১ হাজার ৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ