দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে মুম্বাই থেকে আগত বিমানে করে তারা দিল্লি পৌঁছানোর পরই তাদেরকে বিমানের ভেতর থেকে আটক করা হয়। পুলিশ আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিল এবং সেখানে অনেক নারী পুলিশ কর্মীও ছিলেন। দীপক ও তার সঙ্গীরা বিমানে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন, সরাসরি সম্প্রচারে তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। ডেইলি বরিশাল-কে জানান, গ্রেপ্তার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন।
এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। এছাড়া ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে। রাত থেকে সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি আটক হয়েছেন। সিজেপি নেতা সৌরভ জানান, তাদের আইনজীবী রত্না সিংহকে সকালে আটক করে পুলিশ। রত্না আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।
দিল্লিতে অবতরণের পর সিজেপি নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। এক বিবৃতিতে দলটি অভিযোগ করেছে যে, পূর্বপরিকল্পিত পদক্ষেপের অংশ হিসেবেই দিল্লি পুলিশ তাদের আটক করেছে, যাতে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারেন। সিজেপি এই আটকের ঘটনাকে তাদের চলাফেরায় স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ওই তিন নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।



