। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে এক ভিডিও বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে সিজেপি।
বার্তায় দীপকে জানান, শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যাবেন তিনি। সেখানে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে পিছু হটবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বানও জানান সিজেপির এই নেতা।
দীপকে বলেন, ‘আমাকে আটক বা গ্রেপ্তার করা হলেও আমি ভয় পাই না। সরকার চাইলে আমার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করতে পারে। সিজেপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আর তা নিশ্চিত করতে হলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া বাতিল অথবা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিরপেক্ষ পদ্ধতি চালু করা প্রয়োজন।
তিনি আরো বলেন, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। ইনস্টাগ্রাম ও এক্স—দুই সামাজিক যোগাযোগমাধ্যমেই ভিডিওটি পোস্ট করেছেন দীপকে। পরে এক্সে তার পোস্টটি সরকার ব্লক করে দেয় বলে অভিযোগ করেন তিনি। পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘হাস্যকর! আমি এইমাত্র যে ভিডিওটি পোস্ট করলাম, সেটি ব্লক করে দেওয়া হয়েছে।’ তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি দেখা যাচ্ছিল।
সিজেপির প্রতিষ্ঠাতা আরো জানান, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
সংগঠনের আরেক নেতা আশুতোষ রানকা বলেন, ‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব।
এদিকে, যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জনসমাগম ও চলাচলের ওপর একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে।



