রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

৭ ম্যাচে ৯ গোলের স্ট্রাইকার মাহি খান বাংলাদেশের সাফ দলে

ইংল্যান্ডের নিম্ন বিভাগে খেলা মাহি খানকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে ডেকেছেন কোচ থমাস ডুলি। স্ট্রাইকার সংকট কাটাতেই এই ডাক, বলছেন কোচ।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:২৮ এএম
৭ ম্যাচে ৯ গোলের স্ট্রাইকার মাহি খান বাংলাদেশের সাফ দলে

বাংলাদেশ ফুটবল দল দীর্ঘদিন ধরে স্ট্রাইকারের অভাবে ভুগছে। কমপক্ষে শেষ আট বছর ধরে এই সমস্যা দলের পিছু ছাড়ছে না। নতুন কোচ থমাস ডুলি সেই সংকট কাটাতে মরিয়া। তারই অংশ হিসেবে এবার তিনি দলে ডেকেছেন ইংল্যান্ডের নিম্ন বিভাগে খেলা এক স্ট্রাইকারকে, যিনি চলতি মৌসুমে মাত্র সাত ম্যাচে করেছেন নয়টি গোল। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সেই মাহি খান।

ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন মাহি। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন তিনি। ইংল্যান্ডেই তার জন্ম। ফরোয়ার্ড হিসেবে তার উচ্চতা বাড়তি সুবিধা দিচ্ছে, ১.৮৩ মিটার লম্বা তিনি। ফলে ক্রস থেকে দলের ‘অবভিয়াস টার্গেট’ বনে যেতে পারেন তিনি। তবে তার মুন্সিয়ানা এখানেই শেষ নয়; মূলত স্ট্রাইকার হিসেবে খেললেও দুই উইংয়েও খেলার অভিজ্ঞতা আছে তার।

মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটিয়েছেন তিনি। এরপর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে পা রাখেন। তার বর্তমান দল মল্টন এফসি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলে, যা ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।

বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবারই অবশ্য প্রথম নয় তার। আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে তিনটি ম্যাচে খেলেছেন তিনি, যদিও গোল করতে পারেননি এখনও।

মাহিকে এখনই কেন দলে ডাকা হলো—বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।

ডুলির কথা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যে কোনো মূল্যেই হোক তিনি স্ট্রাইকার সংকট কাটাতে মরিয়া। সে কারণেই মূলত দলে ডাকা হয়েছে মাহিকে। সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ