বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
২১শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

ভারতের প্রখ্যাত আলেম ও লেখক মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন

ভারতের প্রখ্যাত আলেম, লেখক ও দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত সমস্যায় বুধবার বিকেলে মারা যান তিনি, শোক নেমে এসেছে ধর্মীয় ও শিক্ষাঙ্গনে।

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ৮:০৩ পিএমসর্বশেষ: ৭ অক্টোবর ২০২৬, ৮:০৩ পিএম
ভারতের প্রখ্যাত আলেম ও লেখক মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন

ভারতের প্রখ্যাত আলেম, লেখক ও দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত সমস্যায় বুধবার বিকেলে মারা যান তিনি, ফলে উপমহাদেশের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

আনুমানিক ১৯৩৫ সালে উত্তর প্রদেশের মউ জেলায় তার জন্ম হয়। ১৯৫২ সালে দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হয়ে তিনি সে সময়ের খ্যাতিমান আলেম মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী হাসানি নদভীর (রহ.) সান্নিধ্যে শিক্ষা লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং এর শিক্ষাধারা ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি শিক্ষকতা ও দ্বীনি শিক্ষাদানের পাশাপাশি লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও বক্তা হিসেবেও খ্যাতি লাভ করেন। নদওয়াতুল উলামার ঐতিহ্যবাহী আরবি মাসিক ‘আল-বায়সুল ইসলামী’ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে একপর্যায়ে তিনি পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেন। লেখালেখি ও সম্পাদনার মাধ্যমে আরবি ভাষা, ইসলামি জ্ঞান এবং নদওয়াতুল উলামার চিন্তাধারা পাঠকদের কাছে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষা ও দ্বীনি সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে খাজা মঈনুদ্দিন চিশতি ভাষা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে। সর্বশেষ ২০২৬ সালের মে মাসে দীর্ঘদিনের শিক্ষা, দ্বীনি ও সাহিত্যিক অবদানের জন্য জয়পুরের জামিয়া হিদায়া তাকে আজীবন সম্মাননা দেয়। তার ইন্তেকালের খবরে আলেম, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়ে অনেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ