কুষ্টিয়ার মিরপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আবু সাঈদ জাকারিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাকারিয়ার স্ত্রী রুকাইয়া খাতুনসহ (২১) চারজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চার মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি চারমাইল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি উলটে যায়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছাত্রদল নেতা জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।



