আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা শুনলেই অনেকের মনে নানা প্রশ্ন জাগে। কীভাবে রিটার্ন জমা দিতে হবে, কত টাকা কর দিতে হবে কিংবা কোন কাগজপত্র লাগবে, তা না জানায় অনেকে দুশ্চিন্তায় থাকেন। তবে এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। এ জন্য কর কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হয় না।
ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন থাকলেই যে সবাইকে কর দিতে হবে, বিষয়টি এমন নয়। কারও আয় করযোগ্য সীমার নিচে থাকলে তার কর দিতে নাও হতে পারে। তবে আইন অনুযায়ী যাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। কারো আয় যদি করযোগ্য না হয় তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই, শুধু রিটার্ন জমা দিলেই হবে।
নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানা বা অন্যান্য জটিলতায় পড়তে পারেন। এ ছাড়া জমি নিবন্ধন, ব্যাংকিংসহ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণ প্রয়োজন হতে পারে।
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে থাকা নির্দেশনা বা ‘গাইডলাইন’ ভালোভাবে পড়ে নিন।
২. অ্যাকাউন্ট খুলুন: আগে নিবন্ধন করা থাকলে টিআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। নতুন ব্যবহারকারী হলে ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করুন।
৩. তথ্য যাচাই করুন: নির্ধারিত ঘরে টিআইএন ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখুন। এরপর নির্দেশনা অনুযায়ী তথ্য যাচাই করুন। মোবাইলে পাঠানো ওটিপি কোড দিয়ে পরিচয় নিশ্চিত করে পাসওয়ার্ড তৈরি করুন।
৪. ব্যক্তিগত তথ্য দিন: লগইন করার পর নাম, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। সব তথ্য ঠিক আছে কি না যাচাই করে সংরক্ষণ করুন।
৫. রিটার্ন ফরম পূরণ করুন: ‘রিটার্ন সাবমিশন’ অপশনে গিয়ে প্রযোজ্য রিটার্ন ফরম নির্বাচন করুন। চাকরি বা ব্যবসা থেকে আয়, অন্যান্য আয়, ব্যয়, সম্পদ ও দায়সংক্রান্ত তথ্য যথাযথভাবে দিন। প্রতিটি ধাপে তথ্য যাচাই করে ‘সেভ অ্যান্ড কন্টিনিউ’ নির্বাচন করুন।
৬. করের পরিমাণ দেখুন: সব তথ্য পূরণের পর ‘ট্যাক্স অ্যান্ড পেমেন্ট’ অংশে প্রযোজ্য করের হিসাব দেখতে পারবেন। কর পরিশোধ করতে হলে পেমেন্ট অপশন ব্যবহার করে নির্ধারিত অর্থ জমা দিন। কর পেঅ্যাবল না থাকলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিল করুন।
৭. রিটার্ন জমার প্রমাণ সংরক্ষণ: সব তথ্য যাচাই করে রিটার্ন সাবমিট করুন। এরপর প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্নের কপি ও প্রযোজ্য কর পরিশোধের প্রমাণ ডাউনলোড করে সংরক্ষণ করুন।



