বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
১৫ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএমসর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও সেখানে তার আন্তর্জাতিক কর্মসূচি এবং অর্জন থেকে জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই সফরের আগে ও পরে কিছু ঘটনা সাজানো হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে কয়েকটি ঘটনাকে সামনে আনা হয়েছিল।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কিছু ঘটনা ঘটানো হলো। ঘটনাগুলো এমনিতেই ঘটেছে, সেটা আমি মানবো না। আপনারা বুঝবেন, কেন এ কথা বলছি।

যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরও একই ধরনের ঘটনা সামনে আনা হয়েছে বলে দাবি করেন রুমন। তিনি বলেন, সফরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন।

রুমন বলেন, ‘আশা করেছিলাম, দেশে ফেরার পর আমাদের সাফল্য নিয়ে সংবাদ হবে, আলোচনা হবে। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটল। আমি লক্ষ্য করলাম, টক শোগুলোর বেশিরভাগেই সেটিকে ঘিরেই আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘যারা আমাদের বিরোধিতা করছেন, তারা হয়তো এখনো সেই একই ফর্মুলা অনুসরণ করছেন, যার মাধ্যমে বিগত সরকার দেশ পরিচালনা করেছিল।

রুমনের ভাষ্য, প্রথমে কয়েকটি অনলাইন গণমাধ্যমে এসব ঘটনা তুলে ধরা হয়। পরে বড় অনলাইন পোর্টাল, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোও সেগুলো প্রচার করে। এতে ঘটনাগুলো আরও বেশি মানুষের নজরে আসে।

একটি উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কোনো সরকারকে তার কাজে বাধাগ্রস্ত করা হলে সেই সরকারের সফলতা আশা করা যায় না।

তিনি বলেন, ‘একজন মানুষকে নদী পার হতে বলে, যদি তার হাত-পা বেঁধে দিই, তাহলে সে কি নদী পার হতে পারবে? আমিও তো তা পারব না।

সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়াতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে রুমন বলেন, প্রধানমন্ত্রী একটি ‘সুন্দর ও সভ্য বাংলাদেশ’ গড়ে তুলতে চান।

তিনি বলেন, ‘আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সহযোগিতা করার জন্য আগেও বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি।

রুমন আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একটি সুন্দর ও সভ্য বাংলাদেশ গড়ে তুলতে চান। অনুগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করুন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির ও সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ