বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার ঢাকা ট্যাক্সেস বার মিলনায়তনে বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে ১১ জন সহসভাপতি ও ১১ জন উপমহাসচিবসহ মোট ৩১ জন রয়েছেন। দেশের বিভিন্ন জেলার ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিরা এই কমিটিতে আছেন।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে অতিরিক্ত মহাসচিব হয়েছেন মো. আবু নাসের মজুমদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমানে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন।
টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রমিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি আরও জানান, পেশাগত মান উন্নয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে কর আইনজীবীদের জন্য প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের রাজস্ব আদায় বৃদ্ধি ও করদাতাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।



