শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ পাঠানো হয় অ্যাম্বুলেন্সে

ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ পাঠানো হয় অ্যাম্বুলেন্সে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৭:৩৪ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৭:৩৪ পিএম
ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, মরদেহ পাঠানো হয় অ্যাম্বুলেন্সে

বগুড়ায় চুরির অপবাদ দিয়ে এক সাঁওতাল যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিপন মুর্মু (২৭) একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

রিপনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলোয়া বামনপাড়ায়। তার বাবার নাম মোজেস মুর্মু। পরিবার জানায়, গত ৮-১০ বছর ধরে রিপন বগুড়া সদরের চানপাড়া এলাকায় আক্তার রহমান ডিউকের ইটভাটায় কাজ করতেন।

রিপনের বাবা মোজেস মুর্মু বলেন, একটি ঝালাই মেশিন চুরির অভিযোগে গতকাল শুক্রবার সকালে সালিশ বসিয়ে তার ছেলেকে মারধর করা হয়। পরে রাতে একটি অ্যাম্বুলেন্সে করে ছেলের মরদেহ বাড়িতে পাঠানো হয়।

দিনাজপুরের ঘোড়াঘাটের পালশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউল ইসলাম জানান, খবর পেয়ে তারা মরদেহ নিয়ে বগুড়ার চানপাড়ায় ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, একটি দোকান থেকে ঝালাই মেশিন চুরির অভিযোগে রিপনকে মারধর করা হয়। তার কাছে ২০ হাজার টাকাও দাবি করা হয়েছিল।

সন্ধ্যায় ইটভাটার যে গ্যারেজে রিপন থাকতেন, সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাত ও পিঠে মারধরের কালো দাগ রয়েছে।অ্যাম্বুলেন্সের চালক সিয়াম আহমেদ জানান, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আবু তালহা সেলিম তাকে ডাকেন। তারা মরদেহ গাড়িতে তুলে রিপনের দিনাজপুরের বাড়িতে নিয়ে যেতে বলেন। সেখানে কেউ মরদেহ গ্রহণ না করায় তিন ঘণ্টা পর তিনি লাশ নিয়ে আবার চানপাড়ায় ফিরে আসেন। পরে আজ শনিবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ হাসপাতালে মরদেহ নিয়ে যেতে বলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঝালাই মেশিন চুরির অভিযোগে গতকাল সকালে স্থানীয় লোকজন রিপনকে মারধর করেন। রাতে ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ