ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অদ্ভুত ভাবে রান আউট হলেন ভারতীয় তারকা ক্রিকেটার তিলক বর্মা। তিনি হেঁটে হেঁটে ক্রিজে ফিরতে গিয়েছিলেন। তখন উইকেটকিপারের থেকে বল পেয়ে বোলার উইকেট ভেঙে দেন।
ভারতের ইনিংসের ১৭তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি বল করছিলেন। লেগ সাইডে ফুল টস বল করেছিলেন মোতি। অক্ষর প্যাটেল জোরে সেই বল ফ্লিক করেন। তারা একটি সিঙ্গেল রান নিলেও পর ক্ষণেই মাঝ পিচে ফিরে এসে কথা বলতে থাকেন। দুই রান নেওয়ার চেষ্টা করেননি। ভেবেছিলেন বলটি চার হয়ে গিয়েছে। একে অপরের সঙ্গে হাতও মেলান। পরে অক্ষর নিজের ক্রিজের দিকে হাঁটতে শুরু করেন।
কিন্তু বল চার হয়নি। বাউন্ডারির কাছে ঝাঁপিয়ে বলটি থামান কেমো পল। বল বাউন্ডারির দিকে এগিয়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে বলটি আবার ধরে ফেলেন পল। সেই বল ছুড়ে উইকেটকিপার শাই হোপের কাছে। ঘটনাটি কী হচ্ছে দেখতে পেয়ে দ্রুত ক্রিজে ব্যাট ঠেকানোয় রান আউট হননি অক্ষর প্যাটেল। তিলক তখন পিছন ফিরে হাঁটছিলেন। তিনি কিছুই দেখতে পাননি। হোপ সেই বল ফেরত পাঠান বোলিং প্রান্তে থাকা মোতির কাছে। তিলক তখনও নিজের ক্রিজের থেকে অনেক দূরে ছিলেন। তিনি হেঁটে হেঁটে ক্রিজে ফিরছিলেন। এমন সময় মোতি বল ধরে উইকেট ভেঙে দিয়ে আউটের আবেদন করেন।
মাঠের আম্পায়ার বিষয়টি বুঝতে না পেরে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। তৃতীয় আম্পায়ার প্রথমে দেখেন যে বাউন্ডারিতে ঠিক করে পুরান বল আটকেছিলেন কি না। তা নিয়ে নিশ্চিত হতেই রান আউটের ঘটনাটি দেখেন। রিপ্লে দেখে তিলককে রান আউট দেন। ক্রিজে জমে গিয়েও এভাবে আউট হওয়ায় হতাশায় মাথা নাড়তে নাড়তে বেরিয়ে আসেন তিলক। ডাগআউটে থাকা কোচ গৌতম গম্ভীরও একেবারেই খুশি হতে পারেননি।
এর আগে ২০১১ সালে ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড টেস্টেও এমন ঘটনা ঘটেছিল। ইংল্যান্ডের ইয়ান বেল এমন ভাবেই রান আউট হয়েছিলেন। ভেবেছিলেন ইয়ন মর্গানের শট চার হয়ে গিয়েছে। ক্রিজ ছেড়ে মর্গানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। বল বাউন্ডারির দড়ি ছোঁয়ার আগেই ভারতের এক ফিল্ডার বল ছোড়েন। মহেন্দ্র সিংহ ধোনি রান আউট করে দেন। পরে অবশ্য তিনি রান আউটের দাবি প্রত্যাহার করে দেন। ইয়ান বেলও খেলা চালিয়ে যান।
আজ ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারে ২২৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।



