ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।
অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


-6acbbbca59686.jpg)
-6acbbd42d648e.png)