বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি দুর্গাপূজার সময়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন।
রিজভী বলেছেন, সামনে দুর্গাপূজা। এ সময় পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ ম্লান করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ জন্য পূজামণ্ডপগুলোতে নজরদারি ও পাহারার ব্যবস্থা করতে হবে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গতকাল অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়টি নেতাকর্মীদের মাথায় রাখতে হবে। সামনে দুর্গাপূজা। পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা নানা উপায়ে পূজার পরিবেশ ম্লান করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, পূজা কমিটির সদস্যদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালন করতে হবে।



