প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে আবু তাহের মো. মাসুদ রানাকে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে ড. জিয়াউদ্দিন আহমেদকে। আর খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন মু. জসীম উদ্দিন খান।
এর আগে মাসুদ রানা খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জিয়াউদ্দিন আহমেদ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। অন্যদিকে জসীম উদ্দিন খান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মাহবুবা ফারজানাকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে জনস্বার্থে ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধারায় ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর সরকার কোনো সরকারি কর্মচারীকে অবসরে পাঠাতে পারে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন অতিরিক্ত সচিব মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দিকী, গৌতম চন্দ্র পাল, নুরুন আখতার এবং মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।
এই ১২ কর্মকর্তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আর বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবেরা হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।
প্রজ্ঞাপনে আরও কয়েকটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় অতিরিক্ত সচিব পর্যায়ে রদবদলের কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে রেলপথ, খাদ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।







