জীবনের সায়াহ্নে এসে সন্তানের অভাব অনুভব করছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান? এই তারকাকে ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। ‘কফি উইথ করণ’ এ সিজনের প্রথম পর্বে ভাইজানের সঙ্গে আড্ডায় মাতবেন পরিচালক ও অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। সালমানের জীবনের খুঁটিনাটি তুলে ধরবেন তিনি।
জানা গেছে, আজ বুধবার (১৪ অক্টোবর) জিয়ো হটস্টারে দেখা যাবে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানটি। তার আগে সোমবার প্রকাশ্যে আসে অনুষ্ঠানটির প্রচারের নতুন ঝলক। সালমান ও করণের কথোপকথনের আভাস পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন এই ঝলকে দেখা গেছে সালমান খানকে সামনে পেয়ে বেশ মজার মেজাজে পরিচালক।
নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে এসে ব্যক্তিগতজীবন নিয়ে কথা বলেছেন ভাইজান। সেখানেই নাকি নিজের বাবা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে সালমানকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব তিনি অনুভব করেন কিনা? এমন প্রশ্নের উত্তরে সালমান খান জানান নিজের সন্তানের কথা। তিনি নিজের সন্তান চান। ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন এই পর্বে।
সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল নতুন নয়। দীর্ঘদিন ধরেই রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া বান্তুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা জল্পনা রয়েছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠান ও একাধিক জায়গায় তাদের একসঙ্গে উপস্থিতি ঘিরে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি দুজনের কেউ-ই।
‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকে দেখা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেখানে ভাইজানকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণ’-এর পর হবে ‘কফি উইথ সালমান’। তার কথা শুনে হেসে ওঠেন পরিচালক করণ জোহর।
এর পরেই সালমান খানকে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন করণ জোহর। তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কি এখনো কুমার?’ প্রশ্ন শুনে মজার ছলেই অভিনেতা জবাব দেন, ‘সংযত হও ভাই, সংযত হও।
দুজনের কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের প্রসঙ্গও। আগের এক সিজনে সালমান বলেছিলেন— তিনি এখনো কুমার। কুমারত্ব হারাননি তিনি।
পুরোনো বিষয় নিয়ে হাসাহাসি হলেও করণ জোহর জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। সেই মন্তব্যের উত্তরে অভিনেতা বলেন, ‘এতদিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।
উল্লেখ্য, এটি ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। এই সিজনের প্রথম পর্বে করণের অতিথি সালমান খান। এটিই হতে চলেছে জনপ্রিয় এই অনুষ্ঠানের অন্তিম সিজন। এর মাধ্যমে ‘কফি উইথ করণ’-এর প্রায় ২২ বছরের যাত্রায় ইতি পড়তে চলেছে।



