‘মাদক ছাড়ো, খেলা ধরো; মাদকমুক্ত জীবন গড়ো’—এই স্লোগানে নাটোরের বড়াইগ্রামে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পৌর ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মূল আকর্ষণ ছিল হাই-প্রোফাইল কয়েকজন নাইজেরিয়ান খেলোয়াড়ের উপস্থিতি। মফস্বলের এ মাঠে প্রথমবারের মতো বিদেশি খেলোয়াড় আসাকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নাইজেরিয়ান খেলোয়াড় আসায় দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।
এদিকে দুপুরের পর থেকেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নাইজেরিয়ান খেলোয়াড়দের চোখ ধাঁধানো ড্রিবলিং, গতি আর পায়ের জাদুতে মুগ্ধ হন মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক।
নাইজেরিয়ান ফুটবলার ওবা, শেখ কামারা, সোলায়মান ও ভেনির চমৎকার নৈপুণ্যে পুরো মাঠ করতালিতে মুখরিত হয়ে ওঠে। এছাড়া গোল হওয়ার পর এবং খেলার ফাঁকে ফাঁকে বাদ্যযন্ত্রের তালে তালে এসব খেলোয়াড়দের সাম্বা নৃত্যের সঙ্গে দর্শকদের উচ্ছ্বাস-হর্ষধ্বনিতে মেতে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। খেলা শেষে উৎসাহী দর্শকরা তাদের ঘিরে ধরেন এবং সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
মঙ্গলবার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, থানার ওসি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ও অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু ও সম্পাদক মামুনর রশীদ শিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু হানিফ শেখ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কুষ্টিয়ার ওহি ফুটবল একাদশ ও নারায়ণগঞ্জের জিকেএসপি। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা টানটান উত্তেজনার এ ম্যাচে নারায়ণগঞ্জের জিকেএসপিকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে কুষ্টিয়ার ওহি ফুটবল একাদশ।
বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু জানান, দর্শকদের বাড়তি আনন্দ দিতেই এবার প্রথমবার এ মাঠে দুটি দলই নাইজেরিয়ান খেলোয়াড়দের মাঠে নামিয়েছিল। দর্শকরাও তাদের খেলা দারুণ উপভোগ করেছেন। আগামী বৃহস্পতিবারের খেলায় পাবনা ও মেহেরপুরের দুটি দলেও নাইজেরিয়ান খেলোয়াড়েরা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
-13-6ace610ebf636.jpg)


