বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:০৩ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:০৩ পিএম
পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

ম্যানচেস্টার সিটির ম্যাচ শেষে বেশিরভাগ ফুটবলপ্রেমীই খোঁজ নেন একটি বিষয়—আর্লিং হালান্ড গোল করেছেন কি না। নরওয়ের এই স্ট্রাইকার যেভাবে নিয়মিত প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে চলেছেন, তাতে সিটির ম্যাচ মানেই গোলের আলোচনায় সবার আগে উঠে আসে তার নাম।

এবারও ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে।

বয়স মাত্র ২৬। অথচ ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগেও গোল করার ক্ষেত্রে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন হালান্ড। আজ রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তারকাখচিত দুই দলের লড়াইয়ে স্বাভাবিকভাবেই আলাদা নজর থাকবে সিটির এই গোলমেশিনের ওপর।

গত বছরের জানুয়ারিতে পিএসজির বিপক্ষে ৪-২ গোলে হেরে যাওয়া ম্যাচেও সিটির হয়ে গোল করেছিলেন হালান্ড। এবারও ফরাসি ক্লাবটির বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত তিনি।

ইউরোপসেরার প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৫৯ ম্যাচে ৫৯ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে ৪০ ম্যাচে তার গোলসংখ্যা ৩৬। আজ পিএসজির বিপক্ষে আরেকটি গোল করতে পারলেই সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে সার্জিও আগুয়েরোকে ছাড়িয়ে যাবেন তিনি। আগুয়েরো ৬৪ ম্যাচে সিটির হয়ে এই প্রতিযোগিতায় ৩৬ গোল করেছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ও লিগ পর্বেও হালান্ডের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ২০১৯-২০ মৌসুমে প্রতিযোগিতাটিতে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। একই সময়ে অন্য কোনো খেলোয়াড় এই পরিসংখ্যানে তার ধারেকাছে যেতে পারেননি।

পিএসজির বিপক্ষে গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের গোলসংখ্যা ৬০-এ পৌঁছাবে। তাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুদ ফান নিস্টেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আর এক ম্যাচে জোড়া গোল করতে পারলে প্রতিযোগিতাটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সপ্তম স্থানে উঠে আসার সুযোগ রয়েছে তার। বর্তমানে এই তালিকায় তার সামনে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোভস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে রয়েছে পিএসজি। শেষ তিনবারের দেখায় দুটিতে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি। তবে দল হারলেও ওই ম্যাচগুলোতে তিনটি গোল করেছেন হালান্ড।

এবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার সুবিধাও পাবে সিটি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে দলের হয়ে করা ৩৬ গোলের মধ্যে ২৩টিই করেছেন হালান্ড। অর্থাৎ তার মোট গোলের প্রায় ৬৪ শতাংশ এসেছে ইতিহাদে। ফলে পিএসজির বিপক্ষে এই ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে সিটির সমর্থকেরা।

শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও সিটির হয়ে একের পর এক রেকর্ড গড়ছেন হালান্ড। গত মাসে পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় টমি জনসনকে ছাড়িয়ে যান তিনি।

২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২০৬ ম্যাচে তার গোলসংখ্যা ১৭০। এই তালিকায় তার সামনে রয়েছেন এরিক ব্রুক, যার গোল ১৭৭টি। আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে আছেন আগুয়েরো।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছিলেন হালান্ড। চলতি মৌসুমেও তার গোলের ধারা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আট ম্যাচে আটটি গোল করেছেন তিনি। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গত রোববার সিটির ৩-০ গোলের জয়ে একটি গোল করেন এই স্ট্রাইকার। তাতে প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়, যা তাকে চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে রেখেছে।

পিএসজির বিপক্ষে আজকের ম্যাচে তাই শুধু সিটির জয় নয়, আলোচনায় থাকবে হালান্ডের ব্যক্তিগত অর্জনও। গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নতুন মাইলফলক স্পর্শ করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ রয়েছে তার সামনে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ