বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন। আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ সাত জন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন- মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।
যুগ্ম সম্পাদক হয়েছেন, আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। কমিটির ১৭ জন সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সভাপতি কায়েস আহমেদ সেলিম জানান, দেশের রোলার স্কেটিং অঙ্গনের মানোন্নয়ন এবং দেশব্যাপী এ খেলা ছড়িয়ে দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, রোলার স্কেটিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে। পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রোলার স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, আমরা যেহেতু ক্রীড়া ফেডারেশন, তাই দেশ-বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব। চেষ্টা করব এবার বিজয় দিবসে ফেডারেশনের পক্ষ থেকে ব্যতিক্রম এক বর্ণিল আয়োজনের।






