ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলেও মাঠে জেতা শিরোপাগুলো ক্লাবটির কাছেই থাকা উচিত বলে মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পক্ষে তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিযোগ, বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয়ের পরিমাণ বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর মতো অনিয়ম করে ৯০ কোটি পাউন্ডের বেশি আর্থিক অসংগতি করেছে ম্যানচেস্টার সিটি। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইংলিশ ক্লাবটি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে। জরিমানা কিংবা পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি অবনমনের মতো শাস্তিও হতে পারে। এমনকি অতীতে জেতা শিরোপা কেড়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটির আর্থিক অনিয়ম ও সম্ভাব্য শাস্তি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্প্যানিশ কোচ এনরিকে।
তিনি বলেন, ‘এমন কিছু শুনলে প্রথমে অবাক হতে হয়। তবে আমাদের প্রক্রিয়াটিকে সম্মান করতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
টি নিয়ে কথা বলতে গিয়ে সিটির মাঠের পারফরম্যান্সের প্রশংসাও করেন পিএসজি কোচ। তার মতে, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে সিটির অর্জনকে অস্বীকার করার সুযোগ নেই।
এনরিকে বলেন, ‘আমি যদি শুধু ফুটবল আর মাঠে যা দেখি, তা নিয়ে কথা বলি, তাহলে বলব, ম্যানচেস্টার সিটি ট্রফিগুলোর যোগ্য দাবিদার। তাদের খেলার ধরন আমার খুব ভালো লাগে।
তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার দায়িত্ব নিজের নয় বলে মনে করেন এনরিকে। এ কারণে সিদ্ধান্ত আসার আগে বিষয়টি নিয়ে বাড়তি মন্তব্য করতে চান না তিনি।
পিএসজি কোচের ভাষ্য, ‘সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাদের, তারা সেটি নেবেন। আমাদের অপেক্ষা করতে হবে। আমার মনে হয়, মাঠে জেতা ট্রফিগুলো মাঠেই থাকা উচিত। সিটি সেগুলো জেতার যোগ্য। আশা করি, তারা এই শাস্তি এড়াতে পারবে।
সিটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তি নিয়ে আলোচনা চললেও এনরিকের বক্তব্যে স্পষ্ট, ফুটবল মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে অর্জিত শিরোপা কেড়ে নেওয়ার পক্ষে নন তিনি। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।



