হারমোনিয়ামে করে বিদেশি অস্ত্র বহনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, যমুনা সেতু পূর্ব গোলচত্বরে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইলের মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের সুজন ব্যাপারী (৩৮) ও মনির হোসেন (৪৫)।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ২টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় একটি চেকপোস্টে রিয়াজ পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়, এসময় বাসে থাকা একটি হারমনিয়াম থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, এই অস্ত্র ও গুলি তিনি কুষ্টিয়া থেকে সংগ্রহ করে মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে সুজন ব্যাপারী ও তার বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করে এসবিআর। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মুন্সিগঞ্জে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।



