চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাইস (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অভিযুক্ত নাইস গোবিন্দপুর গ্রামের মজনু রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুরে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা কাটাকাটি হয়। বুধবার রাতে নাইসের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে তাদের বাড়িতে যান ইমদাদুল। এ সময় নাইসের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাইস কাঠের বাটাম দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ উঠে।
এতে গুরুতর আহত হন ইমদাদুল। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি নাইসের বাড়িতে যান। সেখানে নাইসের বাবা-মাকে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি জানাতে চেয়েছিলেন। এ সময় নাইস ঘর থেকে কাঠের বাটাম এনে ইমদাদুলের মাথা ও শরীরে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে লালব্রিজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



