আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে নেপাল প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসর।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) টি-টোয়েন্টি আসর।
শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
আইসিসির এই অনুমোদনের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এনপিএলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, বিশ্বের নামিদামি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগও বাড়বে।
বিজ্ঞপ্তিতে সিএএন জানায়, আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন নেপালের ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনপিএলকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে সহযোগিতা ও অংশীদারত্বের জন্য আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।
এবারের আসর, অর্থাৎ এনপিএলের তৃতীয় সংস্করণে বাড়তি আকর্ষণ হয়ে থাকছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। গত দুই বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে অনিয়মিত থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব।
আগামী ২৬ অক্টোবর শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরটির। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় জনকপুর বোল্টস। আর ২০২৫ সালের দ্বিতীয় আসরের শিরোপা জেতে লুম্বিনি লায়নস।



