নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
একইসঙ্গে দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
আজ রোববার এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, 'এ হত্যাকাণ্ড শুধু একজন নাগরিকের জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর এক ভয়াবহ আঘাত।'
'একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকের ওপর হামলা ও হত্যার মতো বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,' বলা হয় বিবৃতিতে।
এতে সম্পাদক পরিষদের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, 'হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা সাংবাদিকতাসংশ্লিষ্ট বিরোধ বা পূর্ববর্তী হুমকির ঘটনা রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।'
'কোনো প্রভাবশালী মহলের চাপে তদন্ত বাধাগ্রস্ত হলে কিংবা অপরাধীরা দায়মুক্তি পেলে তা দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে,' যোগ করা হয় বিবৃতিতে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, 'সাংবাদিকদের ভয় দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা হত্যা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। আমরা গণতান্ত্রিক শক্তি, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সব মহলকে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। সাংবাদিক লুৎফুজ্জামান হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে—সত্য প্রকাশের অধিকার রক্ষায় কোনো আপস চলবে না।'



