চট্টগ্রামের লোহাগাড়ায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় একটি ভবনের চতুর্থতলার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে রোববার দুপুর ১টার দিকে উপজেলার চুনতি বাগানবাড়ি এলাকা থেকে হেলাল উদ্দিন নামে আরেকজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হেলালের পিতার নাম মো. ইব্রাহিম। তিনি চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটি দম্পতির মেয়ে। তিনি মায়ের সঙ্গে লোহাগাড়ার ওই ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জান্নাতুল ফেরদৌস মায়ের সঙ্গে বসবাস করতেন। রাতের খাবার গ্রহণের জন্য জান্নাতুলকে মা ডাকাডাকি করেন। তার সাড়াশব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন মা। পরে লোহাগাড়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুলের সঙ্গে সাইমন নামে এক যুবকের প্রেমের সম্পর্কের জেরে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার সাংবাদিকদের জানান, একদিনে দুইজন আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



