চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো অপর দুজন হলেন ইউসিবিএল ব্যাংকের প্রধান কার্যালয়ের তৎকালীন স্পেশাল অ্যাসেটস ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তা মো. সরোয়ার আলম এবং এনআরবি ব্যাংকের কুমিল্লা শাখার তৎকালীন এভিপি ও শাখাপ্রধান মোহাম্মদ তোফায়েল।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি মোকাররম হোসাইন।
তিনি সাংবাদিকদের জানান, চসিকের ‘ইমপ্রুভমেন্ট পোর্ট কানেকটিং রোড প্রকল্পের’ (অলংকার থেকে নিমতলা পর্যন্ত) অনিয়মের ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মে দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে চসিকের ওই প্রকল্পে আর্থিক অনিয়ম ও সরকারি ক্ষতিসাধন করেন।
প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পর নিয়মিত প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে ‘আমমোক্তার’ নিয়োগের মাধ্যমে কাজ হস্তান্তর এবং অসমাপ্ত অবস্থায় প্রকল্প বন্ধ রাখার কারণে সরকারের ২ কোটি ৭৬ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগ করা হয়েছে।
ইমপ্রুভমেন্ট পোর্ট কানেকটিং রোড প্রকল্পের (অলংকার থেকে নিমতলা পর্যন্ত) কাজে প্রায় সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিসাধন ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকঋণ আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. বেনজীর আহম্মদ।



