কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি বিলে মাছ ধরার জালে সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর আটকা পড়েছে।
আজ সোমবার সকালে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। পরে সেটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার-সংলগ্ন ধরলা ও বারোমাসিয়া নদীর মধ্যবর্তী একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পাতেন স্থানীয় আব্দুস সোবহান। বিকেলে জাল তুলতে গিয়ে অজগরটি দেখেন। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় তিনি সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে যান।
আব্দুস সোবহান বলেন, রোববার দুপুরে জাল তুলতে গিয়ে অজগরটি দেখতে পাই। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সেটিকে বাড়িতে নিয়ে আসি। সাপটি দেখতে অনেক মানুষ আমার বাড়িতে ভিড় করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল সাংবাদিকদের বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা বা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়। পরে আজ সকালে রংপুর থেকে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
হাসান নাহিদ জানান, ফুলবাড়ী থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, আশপাশে বড় কোনো বন না থাকায় অজগরটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে বলে বন বিভাগ জানিয়েছে।



