হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে বিমান থেকে নামার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। যাত্রীদের ভোগান্তি কমাতে এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পেতে তাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তা ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন সেই উদ্যোগ বাস্তবে দেখা যাচ্ছে।
এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, যাত্রীরা তাকে জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন। তবে এ সেবার মান যেন ভবিষ্যতেও বজায় থাকে, সে প্রত্যাশাও জানিয়েছেন তারা। বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত রাখা এবং ভোগান্তি কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ওই রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দিলে আবারও রিয়াদে ফ্লাইট চালু করা হবে।
তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, রিয়াদগামী কিছু যাত্রীকে দাম্মাম অথবা মদিনা রুটে পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, যাত্রীসেবার উন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিমানবন্দর পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



