মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

একসময় ছিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী, এখন খুঁজছেন কাজ

একসময় ছিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী, এখন খুঁজছেন কাজ...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম
একসময় ছিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী, এখন খুঁজছেন কাজ

হাতে যে সঞ্চয় আছে, তা দিয়ে আর বড়জোর এক বছর চলতে পারবেন। তাই আবারও কাজে ফিরতে চান প্রবীণ অভিনেত্রী অনিতা কানওয়াল। শুধু অর্থের প্রয়োজনেই নয়, মানসিক সুস্থতার জন্যও কাজ করা জরুরি বলে মনে করেন তিনি। সন্তানরা আর্থিকভাবে সহায়তা করতে প্রস্তুত থাকলেও তাদের ওপর নির্ভরশীল হতে চান না এই অভিনেত্রী।

সম্প্রতি ইউটিউব চ্যানেল বিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন অনিতা কানওয়াল। তিনি জানান, তার হাতে থাকা সঞ্চয় দ্রুত ফুরিয়ে আসছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দৈনন্দিন খরচ সামলানোও কঠিন হয়ে পড়েছে।

অভিনেত্রী বলেন, ‘আমাকে আয় করতে হবে। হয়তো আরও ১০ বছর বাঁচব, কিংবা ২০ বছর। এই সময়টাতে আমি কী করব? আমি একটি সুন্দর বাড়িতে থাকি। বাড়িটির কিছু অংশ আমার বাবা-মা তৈরি করেছিলেন। বাকি অংশের জন্য ঋণ নিয়েছিলাম, যা পরে শোধ করেছি। এটিই আমার একমাত্র সম্পদ। কিছু সঞ্চয় আছে, তবে জানি, এক বছরের মধ্যেই তা শেষ হয়ে যাবে। তাই আমার কাজ প্রয়োজন। আমার তহবিল ফুরিয়ে আসছে।

অনিতা জানান, তার সন্তানরা তাকে নিয়ে প্রায়ই উদ্বিগ্ন থাকেন। তারা আর্থিকভাবে পাশে দাঁড়াতেও প্রস্তুত। কিন্তু সন্তানদের ওপর নির্ভর করে জীবন কাটাতে চান না তিনি। বরং আগের মতোই সন্তানদের উপহার দেওয়া এবং প্রয়োজনের সময় অন্যদের সাহায্য করার সামর্থ্য ধরে রাখতে চান।

তিনি বলেন, ‘আমি কখনোই এমন অবস্থায় পৌঁছাতে চাই না, যখন সন্তানদের ওপর নির্ভর করতে হবে কিংবা তাদের কাছে কিছু চাইতে হবে। আমি সব সময়ের মতো তাদের দিয়ে যেতে চাই। তারা মাঝেমধ্যে আমাকে জিজ্ঞেস করে, ‘মা, তুমি এখনো আমাদের জন্মদিনে উপহার দাও কেন?’ তারা এমন কথা বললে আমার কষ্ট হয়। কারণ, উপহার দিতে আমার ভালো লাগে। আমি এমন অবস্থানে থাকতে চাই, যেন সেটা চালিয়ে যেতে পারি।

অভিনেত্রীর ভাষ্য, তার দাদা ছোটবেলায় তাকে শিখিয়েছিলেন, মানুষের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে অন্যদের সাহায্য করার চেষ্টা করা উচিত। হিমাচল প্রদেশের একজন কৃষক ছিলেন তার দাদা। তার দেওয়া সেই শিক্ষা এখনো মনে ধারণ করেন অনিতা।

খরচের বিষয়ে সতর্ক থাকলেও মূল্যবৃদ্ধির কারণে হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নিজের পাশাপাশি যারা তার জন্য কাজ করেন, তাদের দায়িত্বও পালন করতে হয়।

কাজে ফেরার বিষয়ে অনিতা বলেন, তিনি কাজের জন্য মরিয়া নন। তবে নিজের অভিজ্ঞতা ও প্রতিভার যথাযথ মূল্যায়ন চান। তার অভিযোগ, বিনোদনজগতের অনেক তরুণই তার আগের কাজ সম্পর্কে জানেন না। আবার কখনো কখনো তার কাছে এমন চরিত্রের প্রস্তাব আসে, যেগুলো তার চেয়ে অনেক কম বয়সি নারীদের উপযোগী।

অডিশন দেওয়া এবং কাস্টিং পরিচালকদের সঙ্গে দেখা করার পরও এখন পর্যন্ত বড় কোনো অভিনয়ের প্রস্তাব পাননি তিনি। তবে আর্থিক সংকটের মধ্যেও নিজের আত্মসম্মান ও স্বাবলম্বিতা ধরে রেখে কাজ চালিয়ে যেতে চান এই অভিনেত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ