রংপুরের কাউনিয়া উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডলসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে গতকাল বিকেলে দুর্বৃত্তরা ফখরুল আলম রতন (৫০) নামে ওই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, রতন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে তিনি কোনো কমিটিতে ছিলেন কি না তা জানাতে পারেননি বাদল।
যোগাযোগ করা হলে বালাপাড়া ইউনিয়ন ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, রতন ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রতন এক সময় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করতেন। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে পৈত্রিক সম্পত্তি দেখাশোনা শুরু করেন।
রতনের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রতনের চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তারা দেখতে পান, কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে।
‘লোকজন এগিয়ে যাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়,’ বলেন বাদল।
তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



