মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএমসর্বশেষ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
দেশের প্রশ্নে আমরা কোথাও কোনো ছাড় দেব না: প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থ ও ভবিষ্যতের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, দেশকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চান তারা। দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। বিএনপির আদর্শও হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করছেন, তাদের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী দেশের তিনটি বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন। এবার দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় এবার বরাদ্দও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদী শক্তি হিসেবে জনগণের দ্বারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে কোনো লাভ হয়নি। সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে চান তারা। টাঙ্গাইল থেকেই মাদক নির্মূলের কাজ শুরু করতে চান, যাতে সারা দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি তার দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। দলের নেতারাও এ বিষয়ে সোচ্চার রয়েছেন।

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ