বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছে তিনজন। অভিযুক্ত এ তিনজনের মধ্যে রয়েছে ১৮ বছরের রেহান। হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা তিনি। মুম্বাই থেকে দিল্লির দিকে যাওয়ার পথে রাজস্থানের কোটায় তাদের গ্রেফতার করা হয়। অন্য দুজনের মধ্যে রয়েছে হরিয়ানার এক নাবালক, যার বয়স ১৭ বছর। অন্যজনের নাম হৃতিক কুমার ওরফে রোশন। ২২ বছরের ওই যুবক মুম্বাইয়ে র্যাপিডো চালায়।

এদিকে ছেলে গ্রেফতারের পর সংবাদমাধ্যমকে রেহানের বাবা শুদীন জানিয়েছেন, অনেক বছর ধরেই ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এমনকি কোনো সম্পর্কও নেই। ছেলের অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেছেন শুদীন। তিনি বলেন, আইন নিজের পথে চলুক। ছেলের যে শাস্তি প্রাপ্য, তাই দেওয়া হোক।

প্রায় ৮-১০ বছর ধরে পরিবারের সদস্যরা আলাদা থাকেন। রেহানের মা শামসিদা একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে রেহান মায়ের সঙ্গেই থাকত বলে জানা গেছে। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে ছেলেকে দেখেননি— এমনকি কথাও বলেননি বলে জানান শুদীন।

রেহান নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর স্কুল ছেড়ে দেয়। রেহানের বিরুদ্ধে এর আগেও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ উঠেছিল। গত ১৯ আগস্ট হরিয়ানায় সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রায় চার-পাঁচ মাস আগে ওই মামলা হয়েছিল বলে জানিয়েছেন তার বাবা। পরে রেহানের মা জামিনের ব্যবস্থা করেন।

সংবাদমাধ্যমকে রেহানের মাসি অফসানা জানিয়েছেন, জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর রেহান ঝালাইয়ের কাজ শুরু করেছিল। কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে। ঈদের সময় বাড়িতেও এসেছিল। তারপর আবার চলে যায় বলে জানান মাসি অফসানা।

এবার মুম্বাইয়ে একটি ফুটবল মাঠের বাইরে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম জড়িয়েছে রেহানের। রোববারের (১৮ অক্টোবর) ওই ঘটনায় অভিনেতা বড়সড় আঘাত থেকে রক্ষা পেলেও তার গাড়ির চালক গুলিবিদ্ধ হন।

এ আটক তিনজনের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এ হামলা, তার নেপথ্যে আর কারা জড়িত, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ