রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ শুরু হয়েছে।
সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির ডাকে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল থেকে সাজেক সড়কের উজোবাজারসহ বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করছেন অবরোধকারীরা।
এদিকে সকালে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকদের আটকে দেয়। অবরোধে আটকা পড়েছেন দুই হাজারের বেশি পর্যটক।
সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান হেপিং ত্রিপুরা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সাড়ে চার শতাধিক ছোট-বড় গাড়ি নিয়ে পর্যটকরা সাজেক ছাড়েন। গাড়ি বহরটি সাজেক ভ্যালি থেকে ২৫ কিলোমিটার দূরে উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পর্যটকদের গাড়ি বহর আটকে দেন। এতে প্রায় দুই হাজার ৩৫০ পর্যটক আটকা পড়েছেন।
সাজেক গণ–অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ অবরোধ পালন করছি। পর্যটকের গাড়িসহ কোনো ধরনের গাড়ি চলতে দেওয়া হবে না। আমরা সড়কে অবস্থান নিয়েছি। পর্যটকবাহী গাড়িগুলো ছেড়ে দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন বলেন, পর্যটকদের গাড়ি বহরটি সাজেক সড়কের উজোবাজার এলাকায় এসে আটকে পড়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছি। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।
গতকাল বুধবার বিকালে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি। অবরোধের জেরে বুধবার সন্ধ্যা থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।



