কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন টানা ১১ ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে।
তবে সকাল ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন বা রেলওয়ে ট্র্যাক মেরামতের কাজ চলছিল।
এসব তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে আরও সময় লাগবে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ-লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত ট্রেনের লোকোমাস্টার মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমে জানান, কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার পৌঁছালে সেখান থেকে লাকসাম যাওয়ার লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়। পথে মেরামত চলছিল, এমন কোন তথ্য তাকে জানানো হয়নি।
ঘটনাস্থলে পৌঁছে ১০০ মিটার সামনে লাল পতাকা দেখে গতি কমিয়ে থামাতে থামাতে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে।
এ ঘটনায় গাফিলতির অভিযোগে ফেনী অঞ্চলের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি।
চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর।



