শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএমসর্বশেষ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
গুড়পুকুরের মেলায় চাঁদাবাজির অভিযোগ নিয়ে মুখ খুললেন এমপি খালেক

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা ঘিরে চাঁদাবাজির অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। ঐতিহ্যবাহী এ মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

একই সঙ্গে জেলার চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল খালেক বলেন, সাতক্ষীরায় লুটতরাজ, হত্যা, আত্মহত্যাসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবিরোধী ঘটনা উদ্বেগজনক। এর মধ্যে গুড়পুকুরের মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে চরম চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই ঐতিহ্যকে সামনে রেখে এখানেও আমরা বিভিন্ন এঙ্গেল থেকে জানতে পেরেছি, চরমভাবে এখানে চাঁদাবাজি হচ্ছে। এটাকেও আমরা নিন্দা জানাই, এটাকে আমরা ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।

তিনি বলেন, জনগণের দাবি ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। সাতক্ষীরার যানজট, বিদ্যুৎ ও পানি সংকট নিরসনের পাশাপাশি কালোবাজারি, লুটতরাজ, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা প্রয়োজন। মদ ও মাদকের বিস্তার রোধ করে জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে গুড়পুকুরের মেলা ঘিরে অর্থ আদায় ও ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১ অক্টোবর শুরু হওয়া প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলার ২২ দিনে প্রায় পাঁচ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তবে এত বিপুল পরিমাণ অর্থের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ্যে আসেনি।

সাতক্ষীরা পৌরসভা ও জেলা প্রশাসন জানিয়েছে, মেলা থেকে তারা কোনো রাজস্ব পায়নি।

অন্যদিকে অর্থ আদায় ও ব্যয়ের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট হিসাব নেই বলে জানিয়েছেন মেলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ