পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কাঞ্চনগামী অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে বাঘবেরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নারায়ণগঞ্জ রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬) এবং দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৫)।
আহত শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে। সে রূপগঞ্জের বাঘবের সিডিমার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। তিন বন্ধু মিলে পূর্বাচলে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রাবণ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে তারা ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উলটো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু ইয়ামিন ও রুদ্র মিয়া নিহত হয়। এ সময় তাদের অপর বন্ধু শ্রাবণ মিয়া গুরুতর আহত হয়।
এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।



