দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া।
দীর্ঘ বিরতি শেষে টেস্ট ক্রিকেটে ফিরলেও আবারও চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি। ফলে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর লাল বলের ক্রিকেটে ফিরে মাত্র দুই টেস্ট খেলেই আবার বিরতিতে যেতে হচ্ছে এই পেসারকে।
তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে। ফলে মঙ্গলবার কেপটাউনে শুরু হতে যাওয়া শেষ টেস্টটি দুই দলের জন্যই সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ লড়াই। নরকিয়ার পরিবর্তে এখনো কারও নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা।
সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সকালে নিজের চতুর্থ ওভার করতে গিয়ে মাঠ ছাড়েন নরকিয়া। এরপর ম্যাচের বাকি সময় ড্রেসিংরুমেই কাটান তিনি। তাতেই শেষ হয়ে যায় টেস্টে তার প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচ।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের মার্চে টেস্ট খেলেছিলেন নরকিয়া। ডারবানে চলমান সিরিজের প্রথম টেস্টের আগে দীর্ঘ বিরতি ভেঙে মাঠে ফেরেন তিনি। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভার বোলিং করে চারটি উইকেট নিয়েছিলেন এই পেসার।
দ্বিতীয় টেস্টে নরকিয়াকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে প্রথম ম্যাচে কোনো শারীরিক সমস্যা না হওয়ায় তাকে একাদশে রাখে দক্ষিণ আফ্রিকা। যদিও তার অতীতের চোটের ইতিহাস বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল বলে পরে স্বীকার করেন অধিনায়ক টেম্বা বাভুমা।
চোটের কারণে অতীতেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নরকিয়াকে। এবার কত দিন তাকে বিশ্রামে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক আশঙ্কার তুলনায় তার চোট কম গুরুতর বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
শেষ টেস্টে নরকিয়ার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ কিংবা কেপটাউনের ডেন প্যাটারসন। সিরিজের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন এই তিন ক্রিকেটার।
এদিকে, চোটে থাকা অন্য ক্রিকেটারদের ফিটনেস নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা লুঙ্গি এনগিডি আগামী মাসে মাঠে ফিরতে পারেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই ধরনের চোট কাটিয়ে শুক্রবার প্রো-২০ প্রতিযোগিতায় ডলফিনসের হয়ে মাঠে নেমেছেন অটনিয়েল বার্টম্যান। ম্যাচটিতে ১২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন তিনি।
তবে বাঁহাতি পেসার কুয়েনা মাফাকা ও ব্যাটার টনি ডি জর্জির চোটের বিষয়ে এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ডি জর্জি।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।



