শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘অর্ণব’...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, নাম হতে পারে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘনীভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। তবে এর গতিপথ নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, এই ঝড়টির বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা আপাতত বেশ কম।

শনিবার (২৪ অক্টোবর) সকালে লঘুচাপটি পূর্বমধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, সুস্পষ্ট লঘুচাপটি শনিবারই নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী সোমবার এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ করা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

নাজমুল হক আরও বলেন, ‘এটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও আমরা আশঙ্কা একেবারে উড়িয়ে দিই না।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানান তিনি।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর বা এরপর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে অক্টোবরের শুরুতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল।

বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে এ অঞ্চলের ১৩টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আঞ্চলিক প্যানেলের নির্ধারিত তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের প্রস্তাব করা, যার অর্থ সাগর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বঙ্গোপসাগর ও আরব সাগরে সক্রিয় লঘুচাপগুলোর মধ্যে যেটি আগে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, সেটির নাম হবে ‘অর্ণব’।

বঙ্গোপসাগরের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হতে পারে বলে মনে করেন এই আবহাওয়াবিদ।

নির্ধারিত তালিকা অনুযায়ী, ‘অর্ণব’-এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মুরাসু’। নামটি ভারতের দেওয়া। তামিল ভাষায় ‘মুরাসু’ বলতে ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কাকে বোঝায়। প্রাচীনকালে রাজকীয় ঘোষণা দেওয়া, জনসাধারণের কাছে বার্তা পৌঁছানো কিংবা কোনো সম্প্রদায়কে সতর্ক করার আগে ডঙ্কা বাজানোর প্রচলন ছিল।

ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয় ২০০০ সালে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, একই অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেগুলোকে আলাদাভাবে শনাক্ত করা এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে নামকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তার চূড়ান্ত পূর্বাভাসের জন্য আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তিগুলোর দিকে নজর রাখতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ