ক্রিকেটে পাকিস্তান দলকে সাধারণত সবুজ জার্সিতেই দেখা যায়। তবে চলমান ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যতিক্রমী গোলাপি জার্সিতে মাঠে নেমেছে দলটি। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত নারীদের চিকিৎসায় সহায়তা করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা ব্যাটার বাবর আজমের স্বাক্ষর করা বিশেষ জার্সি নিলামে তোলার ঘোষণাও দিয়েছে পিসিবি। নিলাম থেকে পাওয়া অর্থ স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে ব্যয় করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে পিসিবির সঙ্গে যৌথভাবে কাজ করছে স্তন ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘পিঙ্ক রিবন’।
খেলাধুলার মাধ্যমে স্তন ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দেওয়ার নজির অবশ্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলও বিভিন্ন সময়ে এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গোলাপি জার্সি বা ক্যাপ পরে মাঠে নেমেছে। পাকিস্তানের এবারের উদ্যোগও সেই ধারাবাহিকতার অংশ।
প্রতি বছর অক্টোবর মাসজুড়ে বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। দক্ষিণ আফ্রিকা ২০১৩ সাল থেকে সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ গোলাপি জার্সি পরে ম্যাচ খেলার উদ্যোগ চালু করে। এসব ম্যাচ থেকে সংগৃহীত অর্থের একটি অংশ স্তন ক্যান্সারের চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রমে ব্যয় করা হয়। অন্যদিকে, অস্ট্রেলিয়াও নিজেদের বক্সিং ডে টেস্টে গোলাপি ক্যাপ পরে এই প্রচারণায় অংশ নেয়।
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচটিকেও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এ উদ্যোগের প্রতি সমর্থন জানাতে ইংল্যান্ডের ক্রিকেটারদের পাশাপাশি ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদের গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচের স্টাম্পে রাখা হয়েছে গোলাপি রঙের বিশেষ ব্র্যান্ডিং। পাশাপাশি স্টেডিয়ামের বড় পর্দা ও মাঠের চারপাশের এলইডি বিজ্ঞাপন বোর্ডে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে।
এদিকে, মাঠের পারফরম্যান্সেও এখন পর্যন্ত এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা ও ইংল্যান্ডকে হারিয়ে ভালো অবস্থানে আছে দলটি। শ্রীলংকা ও ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে পাকিস্তান। অন্যদিকে, ইংল্যান্ড নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে চাপে রয়েছে। শ্রীলংকার বিপক্ষে চারশর বেশি রান তুলেও পরাজয়ের মুখ দেখেছে দলটি। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচেও ব্যাট হাতে স্বস্তিতে নেই ইংলিশরা।



