সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

এটাই জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থি রাজনীতি: কাদের

এটাই জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থি রাজনীতি: কাদের...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:০৪ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:০৪ পিএম
এটাই জামায়াত পরিচালনাধীন এনসিপির মধ্যপন্থি রাজনীতি: কাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর অধিকার ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়ে দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এনসিপির রাজনীতিকে ‘জামায়াত পরিচালনাধীন মধ্যপন্থী রাজনীতি’ বলে মন্তব্য করেছেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্দুল কাদের।

পোস্টে তিনি লেখেন, গণ-অভ্যুত্থানের ধ্বজাধারী এনসিপির রাজনীতি নিয়ে তিনি আর কথা বলেন না। তবে ইতিহাসের দায় থেকে কিছু বিষয়ে মন্তব্য করা জরুরি বলে মনে করেন তিনি।

আব্দুল কাদেরের অভিযোগ, এক ব্যক্তির মৃত্যুর পর তার মরদেহ দাফনে বাধা দেওয়া হয় এবং তার জন্য খোঁড়া কবর জোরপূর্বক ভরাট করে দেওয়া হয়। প্রায় ১৭ ঘণ্টা পর ওই ব্যক্তির বোন ও মেয়ে রাতে মোবাইলের আলোয় প্লেট দিয়ে মাটি খুঁড়ে মরদেহ দাফন করেন বলে দাবি করেন তিনি।

মৃত ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত উল্লেখ করে আব্দুল কাদের বলেন, এমন ঘটনার পরও এনসিপি সাংগঠনিকভাবে নীরব ছিল। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, এমনকি কোনো নেতাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, এ ঘটনায় এনসিপি তাদের শরিক দল জামায়াতের পক্ষ নিয়েছে এবং মবকে নীরব সমর্থন দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার সময় মন্দির প্রাঙ্গণে মাংস রান্নার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা গরু ভোজের আয়োজন নিয়েও সমালোচনা করেন আব্দুল কাদের। তাঁর দাবি, এ আয়োজনের নেতৃত্বে ছিলেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কি-না, সে প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের কৃতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন আব্দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আরও স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন।

নারীর অধিকার ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। চট্টগ্রাম প্রেসক্লাবে এক নারীকে লাথি মারার ঘটনা এবং জামায়াত নেতা গাজী নজরুলকে ঘিরে এক তরুণীর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে আব্দুল কাদের অভিযোগ করেন, এসব ঘটনায় এনসিপির নেতাদের কার্যকর প্রতিবাদ দেখা যায়নি। তবে হাতিয়ার শাপলাকলিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি বিতর্কে দলটি রাজনৈতিক কারণে আন্দোলন করেছিল বলে দাবি করেন তিনি।

মাদ্রাসায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ নিয়েও এনসিপি নেতাদের নীরবতার সমালোচনা করেন আব্দুল কাদের। তার প্রশ্ন, নারী ও শিশুর অধিকার রক্ষার অঙ্গীকার থাকলেও এসব বিষয়ে দলটির নেতারা কেন সোচ্চার নন।

পোস্টের শেষাংশে এনসিপির রাজনৈতিক অবস্থানকে ‘জামায়াত পরিচালনাধীন মধ্যপন্থি রাজনীতি’ হিসেবে উল্লেখ করেন আব্দুল কাদের। তার ভাষ্য, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারীর অধিকার রক্ষার বিষয়ে দলটির ঘোষিত অঙ্গীকারের সঙ্গে বাস্তব ভূমিকার অসংগতি রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ