মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
কর্ণফুলীতে ট্রলারডুবি, ২৪ ঘণ্টা পর দুই জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বোট নিয়ে নোয়াখালীর হাতিয়ায় ফেরার পথে কর্ণফুলী নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোররাত ৪টার দিকে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা তিন জেলের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্য দুজন নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার ভোরে একই ঘাটসংলগ্ন নদীতে লাশ দুটি ভেসে উঠলে স্থানীয়রা সেগুলো উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া জেলে কামাল উদ্দিন জানান, মাছ ধরার জন্য একটি কাঠের ট্রলার (লালবোট) কিনতে চার দিন আগে তারা বন্দরটিলা এলাকায় যান। ট্রলার কেনার পর রোববার রাতে তারা হাতিয়ার উদ্দেশে রওনা হন। পথে আকমল আলী ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি পেছনে থাকা একটি কার্গো জাহাজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বোটটি তাৎক্ষণিকভাবে ডুবে যায়।

এ সময় কামাল জাহাজের নোঙরের শিকল ধরে ঝুলে থাকায় কার্গো জাহাজের লোকজন তাকে টেনে তোলেন। তবে মুহূর্তের মধ্যেই নদীতে তলিয়ে যান মিরাজ ও শরীফ।

নিহত শরীফের চাচা চেম্পার উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে তারা হাতিয়া থেকে চট্টগ্রামে ছুটে যান। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুজনকে শনাক্ত করেন। ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।

পতেঙ্গা থানার ওসি পারভেজ আলম জানান, স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ