অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুপুরের পর কাশিমপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবি জানান। পরে কোনাবাড়ীর জরুন এলাকা ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে কোনাবাড়ী বিসিক শিল্পাঞ্চলের শ্রমিকরা অন্য কারখানার শ্রমিকদেরও বের হয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে এ সময় অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



