এতে প্রায় ৮০ মণ গুলশা মাছ মারা যায় বলে জানা গেছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিশারির মালিক মাসুম খান থানায় লিখিত অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ৬০ শতক জমির ওপর অবস্থিত মাসুম খানের ফিশারিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮০ মণ গুলশা মাছ মারা যায়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ছাড়া রুই, কাতলা, সিলভার কার্প ও মাগুরসহ আরও প্রায় ৩০ হাজার টাকার মাছ মারা গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মৎস্যচাষি মাসুম খান জানান, বুধবার রাতে ফিশারিতে মাছের খাবার দিয়ে প্রতিদিনের মতো তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার ভোরে পুকুরে মাছ ভেসে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি জানান, রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।
মাসুম খান বলেন, কয়েক মাসের পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও মৎস্যচাষীদের ধারণা, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। তারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিশারির মালিকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



