বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ শুক্রবার সকালে পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্নাসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিবিআই উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের বি ব্লকের একটি বাড়ির তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয়।
দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
গত বুধবার বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। তিনি তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
অতিরিক্ত উপমহাপরিদর্শক মান্না বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নেমেছিলেন তাহসিফ। এরপর আর তিনি ফিরে আসেননি।
রাত ১টা ৩৫ মিনিটে মাকে মেসেজে তাহসিফ লেখেন, ‘মা, আসছি।’ এরপর থেকে পরিবারের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম সাংবাদিকদের জানান, ২৭ অক্টোবর সারা দিন মায়ের সঙ্গে কেনাকাটা করেন তাহসিফ। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন। ওইদিন সন্ধ্যায় তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাকে ডাকেন। তাহসিফ ওর মাকে বলেছিল, কথা বলেই চলে আসবে।
এনায়েতুল করিম আরও জানান, তাহসিফের মা বারবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি।
বুধবার বিকেলে ছেলের খোঁজে তুরাগ থানায় যান এনায়েতুল। তাকে চিন্তিত না হতে বলেছিল পুলিশ। এরপর বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান তার সঙ্গে যোগাযোগ করে নাম-পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ পাওয়ার কথা জানান।



