শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ এএম
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন বলে দাবি করেছেন ওসি মনজুর কাদের ভূঁইয়া।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন সাংবাদিকদের বলেন, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, অন্য পেশায় নিয়োজিত থেকেও আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, এমন ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশে যোগ দেওয়ার আগেই ২০০৫ সালের ৬ মে বার কাউন্সিল বরাবর আবেদন করে আমার সদস্যপদ স্থগিত করেছি। শুধু আমাকে নয়, আরও অনেককে এ ধরনের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, নিয়ম মেনেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। তাই তার সদস্যপদ বাতিলের সুযোগ নেই বলে তিনি মনে করেন। চাকরি শেষে আবার আইন পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার। সমিতির পাঠানো নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেবেন বলে জানান তিনি।

সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

সমিতির এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন পেশায় নিয়োজিত সদস্যদের সদস্যপদের বর্তমান অবস্থা যাচাই করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তবে তার সদস্যপদ স্থগিতের আবেদনের বিষয়ে সমিতির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা চাওয়া হলেও ওসি নিরাপত্তা দেননি বলে অভিযোগ রুমিন ফারহানার। এছাড়া ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টায় থানায় যান তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি থানায় ওসির কক্ষে অবস্থান করেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুস নিয়েছেন। তবে ওসি ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন।

কথোপকথনের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি।

জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের লোকজনকে সবসময় শেল্টার দেন। তাদের ধরতে গেলে নিষেধ করেন। আমার কাছে লিস্ট আছে। আপনি রাজ্জিকে ধরতে নিষেধ করেছেন।

উত্তরে রুমিন ফারহানা বলেন, ‘তিনি (সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জি) তো আওয়ামী লীগের বহিষ্কৃত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ