রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগের অংশ হিসেবে ছয়টি রুটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে বাস চলাচল শুরু হয়েছে।
তবে নতুন বাস নামানো হয়নি। পুরোনো বাস দিয়েই আজ রোববার থেকে এ সেবা চালু করা হয়েছে। বাসের ফিটনেস, রং পরিবর্তন ও রুট বণ্টন নিয়ে জটিলতাও এখনো কাটেনি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সেবার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।
রাজধানীর বিদ্যমান ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টিতে আনা হবে। এই বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ছয়টি কোম্পানির অধীনে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাশাপাশি বায়ু ও শব্দদূষণ বাড়ছে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আগে এই ছয়টি রুটে প্রায় ১৮টি পরিবহন কোম্পানির বাস চলত। এসব বাসের মধ্যে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা ছিল। এতে যানজট ও দুর্ঘটনা বাড়ত।
নতুন ব্যবস্থায় প্রতিটি কোম্পানি নির্দিষ্ট রুটে বাস চালাবে। সহজে চেনার জন্য প্রতিটি কোম্পানির বাসের রং ও নম্বর আলাদা করার পরিকল্পনা রয়েছে।
তবে সময়ের অভাবে উদ্বোধনের আগে বাসগুলোর রং পরিবর্তন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
পুলিশ কমিশনার বলেন, পরিবহন রুট পুনর্বিন্যাসের আগের উদ্যোগগুলো সফল হয়নি। এর পেছনে পরিবহন মালিক, শ্রমিক ও অন্যান্য অংশীজনের অসহযোগিতার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতাও দায়ী।
বাসচালক ও সহকারীদের চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে নির্দিষ্ট বেতনে নিয়োগ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। এতে বেশি ট্রিপ দেওয়ার জন্য চালকদের মধ্যে প্রতিযোগিতা কমবে বলে মনে করেন তিনি।
ডিটিসিএর তথ্য অনুযায়ী, গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে নন-এসি বাস চালাবে ভিআইপি পরিবহন।
মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে চলবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানির বাস। ঘাটারচর থেকে ডেমরা রুটে বাস চালাবে রমজান আলী এন্টারপ্রাইজ।
ঘাটারচর থেকে কাঁচপুর রুটের দায়িত্ব পেয়েছে ফোর স্টার বাস লাইন। আর ঘটারচর থেকে উত্তরা রুটে চলবে পিএনপি সিটি সার্ভিসের বাস।
এছাড়া টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত একটি এসি বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে কয়েকটি রুটে আগে থেকেই বিকাশ, দিশারী, তানজিল, মেট্রোলিংক, রজনীগন্ধা, মালঞ্চ, সময়, মিডলাইন, পরিস্থান ও প্রজাপতি পরিবহনের বাস চলাচল করছে।
নতুন ব্যবস্থায় কোন কোম্পানি কোন রুটে বাস চালাবে, তা নিয়ে কয়েকটি পরিবহন কোম্পানি আপত্তি জানিয়েছে। ফলে নতুন ব্যবস্থায় তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, কর্তৃপক্ষ ২৫টি বৃত্তাকার বাস রুট চিহ্নিত করেছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে পাঁচটি রুট চালুর জন্য বাছাই করা হয়েছে।
একটি বৃত্তাকার রুটে এসি বাস চলবে। বাকি চারটি রুটে বাস চালু হবে ২৭ আসনের মিনিবাস আসার পর। এসব মিনিবাস দেড় থেকে দুই মাসের মধ্যে আসার কথা রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম যাত্রীদের নির্ধারিত স্টপেজে বাসে ওঠা ও নামার আহ্বান জানান।
নতুন বাস কেনার জন্য সরকারের সহযোগিতা চেয়ে তিনি বলেন, পরিবহন মালিকেরা কোনো ভর্তুকি চাইছেন না। তারা নিজেরাই অগ্রিম টাকা দিয়ে বাস কিনতে চান। এ ক্ষেত্রে সমিতি গ্যারান্টি দেবে। ধীরে ধীরে পুরোনো বাস সরিয়ে নতুন বাস নামানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন উপস্থিত ছিলেন।



