আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি)।
আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাকে আগামী ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এবি পার্টির একটি অনুষ্ঠানে ফুয়াদের একটি মন্তব্য ট্রাইব্যুনালের নজরে আসে। সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে, এখানে “বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে”।
তামিম জানান, মন্তব্যটি নজরে আসার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
‘বিষয়টি আমলে নিয়ে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে নোটিশ জারি করেছেন এবং তাকে আগামী ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে বলেছেন,’ বলেন তিনি।
ফুয়াদকে ট্রাইব্যুনালের সামনে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে বলেও জানান তিনি।



