বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখার সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ বা রুকনিয়াত বাতিল করা হয়েছে।
আজ রোববারসংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরের তত্ত্বাবধায়ক আবদুল হালিম।
তিনি জানান, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগর কার্যালয়ে সভা চলাকালে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই দুজনের সদস্যপদ বাতিল করা হয়।
উল্লেখ্য, আসন্ন মহানগর কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় কুমিল্লা নগরের প্রধান কার্যালয় গাংচর ফারুকী হাউসের সামনে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দলের মহানগর সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।
এই ঘটনার জেরে ১৬ অক্টোবর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত করে। বর্তমানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের তত্ত্বাবধানে মহানগর শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে।



