কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করে এমপি। এটা এমপির দায়িত্ব। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেবেন, নালা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এমপি নির্বাচিত করবে, এমপি মনোনয়ন দেবে। তবে সে মনোনয়ন এমপি এককভাবে দেবে না। স্ব স্ব ইউনিয়নের নেতাদের নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-অন্ধ যাকে মনোনয়ন দেবে, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না।
রোববার এমপির এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকালে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবাশ্বের আলম বলেন, আগামী পাঁচ বছর কোনো গ্রুপিং চলবে না। মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব। স্থানীয় সাবেক এক চেয়ারম্যানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন তিনি।
সমাবেশে যুবদলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, গত ১৬ বছর যুবদলসহ দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। ১২ তারিখের নির্বাচনে যুবদলের নেতৃত্বের ভূমিকার কারণেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই যুবদলের প্রতি তার দায়বদ্ধতা বেশি। যুবদল জনগণের সঙ্গে তার সেতুবন্ধন।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, নুরুল ইসলাম সোহাগ, ডা. মাঈন উদ্দিন বাহার, জাফর সাদিক, জসিম উদ্দিন মজুমদার, আবু ইউসুফ হাসান মানিক, আহসান উল্লাহসহ স্থানীয় নেতারা।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



